Powered By Blogger

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

নিস্তব্ধ উৎসর্জন

অনবহিত বনের শান্ত নদী---অপরিসীম নিয়মানুগে উন্মীলিত গতিপথ।
সেতু নেই।সারাদিন নিরভিমানী নৌকার পারাপার।
উর্ধ্বমুখী জলজ বন্যেবুড়োর ঝোপে অসংযোজিত অপেক্ষা।
নিতান্তই অনিচ্ছার ভেতর অযত্নে আঁকা সবুজের প্রতিচ্ছায়া।
নিরপেক্ষ রুপালী চরের সমগ্রতা অপস্রিয়মান।

ক্রমবিকাশমান স্বপ্নের নিবিষ্টতা ভেঙে
গড়িয়ে গড়িয়ে নামে বিন্যাসিত অবহেলা।
আরক্তিম কল্পনা।সমস্ত শ্রম ব্যর্থ।ফিরে যাব?
ক্রমপরিণত নিস্তব্ধ উৎসর্জনের মধ্যে।

শীত,রক্ত,আগুন ও জল

ভাষাগত তারতম্যে কেমন শীতল আচরণ
সারারাত ধরে অবিরল বৃষ্টি
আর বৃষ্টির ভেতর থেকে হেসে ওঠে
ভাঙা নৌকার গলুই
কাদামাটির পিচ্ছিল পথে আমবাগানের অন্ধকারে নিশীথ অপরিচয়

অনতিক্রমনীয় বরফস্তরে ক্রমস্ফীত রাত
ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে চলছে
তার প্রতি পদক্ষেপে আগুন,
অন্ধকার জয়ের প্রয়াস
রক্তের ভেতর নিশ্চিত সিদ্ধান্ত

আমাদের বয়স এখন কত হল
.........বিশ,ত্রিশ,চল্লিশ,পঞ্চাশ
দু'টো জীবনের তমঃনিবিড় বাসর
আমরা কি পূর্বাপর ক্ষয়ে যাবো
শীত,রক্ত,আগুন ও জলে
 

রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

ম্লান অনুস্যুতি

চারু বেদনার সীমাহীন আয়োজন
উদ্বাস্তু এ ঘর উপেক্ষার আস্তাকুঁড়ে
শৈশব-কৈশোর থেকে যৌবনের এতো প্রয়োজন
উড়ে যাবে চ্রিদিকে জ্যোৎস্নার আলোয়

অর্থহীন ধূলো,নিঃস্ব পাতা,----
আমাদের খেলাঘর ভেঙে যায়
মৌন বৃষ্টির নিঃসীম প্রতিবাদ বা চোখের জলে
অনিঃশেষ বৈশাখের ছায়া অপসৃত দুই হাতে

সংগোপণ প্রতীক্ষায় ম্লান অনুস্যুতি
সমস্ত শূণ্যতা ভরে ওঠে কুহকিনী অন্ধকারে
অলৌকিক উন্মোচনে দ্বিতীয় জীবন
ভাবনাময় গোলাপ ডানা মেলে

তুমি কোন সম্পন্ন পাড়ায় থাকো


শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

বিধুমুখী সুর

তুমি এত কাছে চলে এসেছ---তোমার নিঃশ্বাসের শব্দ টের পাই
রাতের নীলাভ মানচিত্রে গুপ্ত গহ্বর,বনের মাঝখানে
জমে যাওয়া জোছনা আর তার আলোর ঝরণাধারা,----

দৃশ্য এবং দৃশ্যমানতার মধ্যে ভেঙে এনেছি সবুজ পাতাময় ডাল
আমাদের সু-নিশ্চিত বোঝাপড়ার ভেতর বিধুমুখী সুর

বসন্ত দিনের ঘাসে পড়ে থাকে বেনারসী-চেলি।

নিমগ্ন আয়োজন

দৃশ্যজগতের যত গান,কবিতা লিখেছিলাম,---
ভুলে গেছি সুন্দরের সব প্রতিচ্ছায়া।
বসন্তদিনের ঘাসে পড়ে আছে
বহু ব্যবহৃত রুমালখানি।ঐ দিকে
সম্পন্ন বাগান।গোলাপের ঝাড়ে সারাদিন কর্মব্যস্ত মালি;
যার নিজস্ব কিছুই নেই।
না,বাগান।না,প্রেমিকা।

তবে নিমগ্ন কিসের এতো আয়োজন?

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

কুইনাইন

এইখানে চিকড়াসী বন।হলুদ ও লালফুল গুলো
ঝরে যাবার আগেই পেড়ে নাও।স্বল্পায়ু জীবন,
সন্নিবেশিত পাতায় বেঁচে থাকার অম্লান সাধ।
শাখাবহুল গাছের ফুলে পোষাক রাঙাবে?
তোমার বাড়ির সিংহ দরোজায়
নকশা আকাঁবে,তাই পাতলা কাঠের প্রয়োজন?
কাল রাতে জ্বর এসেছিল?
অবিরুদ্ধ ছাল থেকে তুলে নিতে এসেছ কুইনাইন?

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

ব্যর্থ শ্রম

পাহাড়ের ঢালে আমার লৌকিক গ্রাম।ছড়ানো চত্বর,
ধূ ধূ মাঠ।অদ্ভুত পায়ের শব্দে
জলপাই বনের পীতাভ অন্ধকারে কারা হেঁটে যায়?

আদিম মানুষ?পায়ে পশুচর্ম,হাতে পাথরের ফাল।
কৃষ্ণপক্ষের অমাবস্যায় চকমকি পাথর ঠোকার শব্দ শুনি।
আগুন জ্বলে না।ব্যর্থ শ্রম।