Powered By Blogger

সোমবার, ৩১ জানুয়ারি, ২০১১

অবিশ্বাসী ভালোবাসা

ঝরা পাতায় ছড়ানো পথে সময়ের নৌকায় দীর্ঘশ্বাসের
পাল খাটিয়ে শোকের দাঁড় টেনে পৌঁছে যাই বিরহী বন্দরে
নিলেমি ভালোবাসায় রাত কাটে প্রেমের হুল্লোড়ে
সস্তা স্নো-পাঊডারের প্রলেপের ফাঁকে দুঃখগুলো
টুপটাপ ঝরে পড়ে অশ্রুর নদীতে

পাইনের দীর্ঘ সারি কুয়াশাচ্ছন্ন মোমের মৃদু
আলোর মতোন চাঁদ বিভা ছড়ায় মৃত্যুর রঙে
সামুদ্রিক শব্দোচ্ছ্বাসে শুনিঃশ্রান্ত প্রেমের বিলাপ
বিষাদের ঊড়নি নাড়িয়ে দেয় হৃৎকম্পনের গতি
গাঢ় আধাঁরে তলিয়ে যাওয়া মাঝে মাঝেই বিদ্যুৎ চমকের
ঝলসানো আলোয় রাত্রিকে ঠেলে দেয় চোরা দরোজার দিকে;
নোনতা স্বাদের মৃত উত্তাল অতলান্তিক স্মৃতি

ডলফিনের উচ্ছলতায় নরোম সৈকতে স্বপ্নালু তন্দ্রায়
বিভোর তোমার চোখে;জোয়ার-ভাটার অপার বিস্ময় আর
বিভীষিকা!চলমান স্রোতে অবিশ্বাসী ঢেউয়ের
ছান্দসিক নৃত্যে ডুবে যাচ্ছি অবিরাম

৩১.০১.১১
পল্লবী,ঢাকা।

রবিবার, ৩০ জানুয়ারি, ২০১১

স্বপ্ন

রবিউল মানিক

কিশোরী স্বপ্নের ভ্রুণ খসে পড়ে উত্তরাধুনিক সার্জারীতে
ক্রুশকাঠ বহনের অনুতাপে বিদগ্ধ মানুষ
যুগ-যন্ত্রণার অভিঘাতে বোধশূন্য,স্বপ্নহীন
দুঃস্বপ্নের হাঁসফাসেঁ গাঢ় আধাঁরে প্লাবিত আজ
গোয়ালের গরুর চোখেও খড়খড়ে লোনা স্বপ্ন
বোবা চাহনিতে ছবি আঁকে সতেজ সবুজ ঘাস,---
নয়,শুকনো খড়ের আঁটি ইতরের নীচতায়
কিশোরী যুবতী রমণীর চোখের দৃষ্টিতে খুঁজিঃ
বিশুদ্ধ,নির্মল স্বপ্ন।নীলাকাশ হতে ট্রুপারের
খসে পড়ার মতোন জানালার পাশ থেকে নেমে
আসা সাদা মেঘের মতোন শিমুল তুলার শুভ্র,শুঁচিময়
দুঃসহ আবর্জনায় নদীর ঘোলাটে জল নয়
স্ফটিকের স্বচ্ছতায় টলটলে নদীর জলের স্বপ্ন

৩০.0১.১১
পল্লবী,ঢাকা।

শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০১১

জীবনজয়ী বিজয়োল্লাস

রবিউল মানিক

কিশোরীর পবিত্র কান্নায় তিরতির কাঁপে পুকুরের জল
নোনা হাওয়ায় বিষন্নতা ছেয়ে যায় শরৎস্নাত ভোরের
শিউলি অপাপবিদ্ধা কিশোরী স্পর্শের অপেক্ষায়
কাক আর কুকুরের ডাকে উৎসবের আমেজ
জেগে ওঠে চারিদিক---সভ্যতা ঘুমিয়ে থাকে শীতল গুহায়
শুন্যাকারে মিল্কিওয়ে ধাবিত আজ কৃষ্ণগহ্বরে
মাথার ওপর নিঃসীম আকাশ ঢুকে যায় আরেক আকাশে
সূর্যোদয়ে কোন আশা নেই,সূর্যাস্তের কাছে প্রার্থনা নিষ্ফল
রৌদ্রে চৌচির ফসল,ঈশ্বর বলেন,'ঠিক আছে'
অতল সুড়ঙ্গ থেকে ভেসে আসে জীবনজয়ী বিজয়োল্লাস

২৯.০১.১১
পল্লবী,ঢাকা।

বুধবার, ২৬ জানুয়ারি, ২০১১

জ্বলজ্বলে ঘৃণা

রবিউল মানিক

সূর্যাস্তের ঘোলাজলে দীর্ঘ রেখা টেনে নৌকা ভাসে
কুয়াশাচ্ছন্ন দাঁড়ের শব্দ শুনিঃচোখের সমুদ্রে
সাতঁরে দেখেছি অবিশ্বাসী ঢেউয়ের ছান্দসিক কলতান
বাস্তবতায় আকীর্ন পার্থিব জগৎ আর বিমূর্ত পৃথিবী
ধূমায়িত হয়ে আসে---ভালোবাসাহীনতায় একই বালিশে
ভাগাভাগি করে নেই বিষাক্ত নিঃশ্বাস

জৈবনিক প্রেম আজ মৃতের নির্লিপ্ত ভঙ্গিমায় হিমাগারে
সতেজতার প্রয়াসে ব্যর্থ প্রেমিকার  বুকে জ্বলজ্বলে ঘৃণা

২৬.০১.১১
পল্লবী,ঢাকা।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০১১

শীতল অন্ধকার

রবিউল মানিক

টেবিলে একটি বই নিঃসঙ্গ,একাকী
ফ্লোরেসেন্ট বাল্বগুলো ক্লান্তিতে ঝিমোয়
কার্পেটে লুটিয়ে থাকা তোমার ব্রা,প্যান্টি,নাইটির
ওপর ঝাপিয়ে পড়ে আমার টি-শার্ট,ট্রাউজার
লালসার্ত কামনায়---উপোসী বাঘের হিংস্রতায়

শীতল অন্ধকারের রাত্রি জেগে থাকে

২৫.০১.১১
পল্লবী,ঢাকা।

সোমবার, ২৪ জানুয়ারি, ২০১১

সাম্যবাদী বীজ

রবিউল মানিক

 মাটির তলায় নেই কোন বিভাজন
ওক,ফার,পাইনের শেকড় জড়িয়ে পরস্পর
সহাবস্থানে বিশ্বাসী,মৃতরাও ভাসে
পচাগলা শব হয়ে নদীর উজান স্রোত বেয়ে
বুলেট বিচ্ছিন্ন অঙ্গে শায়িত একই বধ্যভূমে
প্রতিবাদহীন,মূঢ়

পাতালের তলদেশ থেকে খুঁড়ে আনো
সাম্যবাদী বীজ

২৪.০১.১১
পল্লবী,ঢাকা।

রবিবার, ২৩ জানুয়ারি, ২০১১

চেটো বামন

রবিউল মানিক







১.
চেটো বামন আকাশের গায়ে উল্কি এঁকে
বিকেলের উজ্জ্বলতা ঢেকে দেয় সন্ধ্যার কালিমায়
আড়মোড়া ভাঙে রাতজাগা কালো পাখি
সোনালী পাখি চক্রাকার চিহ্নে দিগন্তে উড়ে যায়

২.
সুমেরুর হিম বাতাসে ঢেকে যায় পৃথিবী
তুষারঝড়ে বিপর্য্যস্ত পাইনের বন
আমরা আরো ঝড়ের জন্যে প্রস্তত
প্রস্তত কালো পাখি

৩.
সারারাত অন্ধকারের সাথে যুদ্ধে বিজয়ী
তারুণ্যের রঙে উদ্দীপ্ত সূর্য্য উঁকি দেয়
দিগন্ত পেরিয়ে উড়ে আসে
সোনালী ডানার পাখি

২৩.০১.১১
পল্লবী,ঢাকা।