Powered By Blogger

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

জোনাক পোকা

আমাদের অবদমিত ইচ্ছেরা সমন্বিত জ্বলে ওঠে,
কোনো কোনো রাতে।
উচ্চারণ সাধ্য নয়-----এমন কতক
স্পষ্টময় ভাবনার অন্তরালে জোনাক পোকারা
অন্ধকার ঘিরে
বিভৎস চিৎকারে সমর্পিত।

আতংকিত লালরঙের বারান্দা থেকে ফিরে আসি
অরব ভালোবাসার প্রতিশ্রুত ঋণে।

কড়ি

নৌকা,জাল,শস্যবীজ,ধাতুর আকর,---
আর কী কী চাই তোমাদের
করপুট ছেঁকে বিফলতা ঝেড়ে ফেলে
কতটুকু সফলতা পেলে তুমি থেমে যাবে

দীর্ঘ অসুখী প্রচ্ছায়া
মস্তিষ্কে কেবল পাক খায়----
জল,মেঘ,রৌদ্র,শিয়রে জ্যোৎস্নাপ্রদীপ

সহজতর সিন্দুক ভরে ওঠে

শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩

নিয়ম-বিরুদ্ধ আর্তনাদ

বসন্ত প্রহর সমাগত।কৃষ্ণচূড়া গাছের তলায়
বসে করপুট পেতে ধরি।ফুল ঝরে,
লাল লাল ফুল।

ফুল সমেত বাগানে একা একা ঘুরি।
মালি নেই।অনেক দূরের পথ পার
হয়ে এসেছি।দেখেছিঃসহজাত জলতৃষ্ণায় বেতস পাতাগুলো
কেমন এলিয়ে পড়ে।আজকাল প্রায়শঃই আমি
জল মনে করে মরীচিকা ধরতে এগিয়ে যাই।
এ-ও জানি জলাশয়গুলো ঘিরে
আবাসন প্রকল্পের জমজমাট বাণিজ্য।

জীবাশ্মের অন্ধকারের ভেতর মৃত্যুপরবশ
সভ্যতার নিয়ম-বিরুদ্ধ আর্তনাদ।

কালি মুর্তি

কালি মন্দিরের চাতালে প্রোথিত এক যুপকাষ্ঠ---
রক্তাক্ত খড়গ,পাশে।
কাটামুন্ড এদিকে,ওদিকে ধড়।

পেছনের দিকে ন্যাংটো কালি।গলায় নরমুন্ডের মালা,
লকলকে জিহ্বা।

মানুষের মৌলিকত্ব

ঘরে ঘরে আগুন জ্বলছে।
বাতাসে আমরা তার তাপ টের পাই।
নির্মম নিষেধে বাগানের ফুল হাতে নিই,
গোলাপের রঙ একেবারেই ভিন্ন।
সারাদিন শীতল,সংহত সর্বনাশ।মানুষের মৌলিকত্ব আজ
ইতিহাসের স্বয়ংসম্পূর্ণ চিত্রে নেই।পরিদৃশ্যমান পরাবাস্তবতা,---
স্বতন্ত্র চিত্রের অবগাঢ় প্রলেপন।হয়তো বা
অন্যকোন ইতিহাস।

'পূরাণের পাতায় যেটুকু লেখা আছে'
এর চেয়ে বেশী জানতে চেও না।

মহাপাতকের স্থান শেষপর্য্যন্ত নরকে নির্ধারীত।

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

নির্মাণ কৌশল

আত্মমগ্ন আকাশ;যেখানে নক্ষত্রের সাজানো সংসার
কী গভীর মমতায় চেয়ে থাকে পৃথিবীর দিকে
মাঙ্গলিক বৃষ ও কলস ছুঁয়ে প্রকৃতির সন্তান আমরা
ঈশ্বরের প্রতিস্পর্ধী চোখে
অন্তরালের প্রয়োজনীয়তার কথা বলি

সকালের কাঁটাভাঙা রোদ লেগে আছে হেলে পড়া তালগাছে
প্রশ্নাতীত সহানুভূতিশীল যথার্থতায়

চিরায়ত দৃশ্য ও উজ্জ্বীবনের

আমাদের মাটির বাড়ির কথা মনে আছে
গোবর নিকানো উঠোনের মাঝখানে ডালিম গাছের দীপ্তি
রোয়াকের পাশে সম্মিলিত বেঁচে থাকার তুলসীমঞ্চ---
প্রলম্বিত অনির্ভর

সেই মাটির বাড়িটি আজ আর নেই
পরিব্যপ্ত জলের শাষণে ধ্বসে গেছে
অযত্নপ্রয়াসে ব্যর্থ আমাদের নির্মাণ কৌশল

নিয়তি

অহংকার এবং দাম্ভিকতা
আমাদের কোন স্যুয়ারেজ সভ্যতায় নিয়ে যাচ্ছে ভেবেছ,কখনো
নর্দমা ও শস্যাগার যখন অসন্তোষের জলে ডুবে যায়
চাষীদের আর্তনাদ,অভিশাপ
গবাদি পশুর শবে ভরে ওঠে
তোমাদের বাড়ির আঙিনা----তখন তোমরা
নিশ্চিত আশ্রয়ে রামায়ণ চরিতের মাহাত্ন্য,ধর্মের সারকথা বিলি কর
আমরা কী নির্বিকার বালিবধের বৈধতা
নিয়ে কোন আস্ফালন করি না;শতেক প্রতিশ্রুতি আর
কথার ফুলঝুরিতে বিমোহিত হই

এ রকম নিয়তিই মেনে নিয়েছি,আমরা