ঢেঊগুলো পরস্পর কথা বলছিলঃ
দেখো,আগুন, আগুন বলে বৃথাই চেঁচায় ঘরপোড়া মানুষেরা
আমাদের গতি রুদ্ধকরে ওদের কি লাভ?
শেষ পর্য্যন্ত আমরা ঠিকই মিলিত হই সমুদ্রের সাথে
মহাজাগতিক বোধ পেরিয়ে অতীতে পৌঁছে যাইঃ
তখনো নদীর জন্ম হয় নি শীতের সাথে
পাহাড়ের মৈথনিক প্রেম সবে শুরু
সারারাত পাহাড়ের কোলে মাথা রেখে
শীত গল্প শোনাত উত্তর মেরু পেরিয়ে কিভাবে
এখানে পৌঁছেছে
সীল,তিমি,ভল্লুক,পেঙ্গুইনের গল্প শুনতে শুনতে
আনমনা হয়ে যেত পাহাড় বিষন্নতার ম্লান দীর্ঘশ্বাসে
ভারী হয়ে উঠত শীতের বুক
বুঝে গিয়েছিল স্থবিরতার যন্ত্রণা,---
এভাবেই কেটে গেল পুরো শীতকাল
অবশেষে বসন্তের শুরুতে বিদায় নিল শীত
বিরহের যন্ত্রণায় কুঁকড়ে রইল পাহাড়ের বুক;
অতঃপর ধীরে ধীরে স্ফীত হল পাহাড়ের পেট
একদিন জরায়ু বিদীর্ণ হয়ে কলকল ধ্বনিতে বেরিয়ে এল
শীতের স্বেদাক্ত ভালোবাসা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন