Powered By Blogger

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

প্লাবন

সে বছর শালকীর জল এতো বেশী বেড়ে গিয়েছিল যে ব্রীজের
মাথা ছুঁয়ে ফেলেছিল;পাহাড়ী নদীর ঢল
মাটির নীচের উৎসমুখ খুলে, আকাশের জানালা সমূহ থেকে
ছন্দপাতহীন অবিরাম বৃষ্টি পড়ে
সমস্ত এলাকা জলময় হয়ে গেল

চারিদিকে শুধু জল আর জল
এমন কি
শিব মন্দিরের জোড়া বটগাছের মাথাও
প্রায় ঢেকে গিয়েছিল
(হরিয়াল গুলো কে জানে কোথায় চলে গেছে)

মহাপ্লাবনের মুখোমুখি নৌকায় নিমগ্ন জালে
বৈবস্বত মনু আর নূহ মুছে দেয় প্রাকৃতিক অবয়ব

কনফেশনের পর বানভাসী বিষ্ণু এখন সানকী হাতে
রামকৃষ্ণ মিশনের দরোজায় বসে থাকে

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

সরল গদ্য

সরল গদ্যের সীমাহীন প্রতারণার মহাসড়ক
ধরে ঢল নামে বন্ধ্যা নারী ও নির্বীয পুরুষের
কুষ্ঠাক্রান্তদের ভীড় ঠেলে বুড়ো ভগবান
মন্দিরের ঊঠোনে প্রসাদ নেন নির্বিকার মুখে

বটের মাথায় একটানা ডেকে যায় হরিয়াল

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

ঊর্ণানভ

জীবনের স্তব করি আমি সবসময়েই
সাথে পান্ডুর মৃত্যুর

প্রভাময়ী আলো আর প্রদীপ্ত অন্ধকারের
মাঝখানে আমি কোন সীমারেখাই রাখি নি

প্রাগৈতিহাসিক বৃদ্ধের সীমাহীন অপ্রাপ্তি বোধের ঊর্ণানভে
প্রতিনিয়তই মৃত্যু হয় ক্রোধ ও ক্ষোভের

এবং  কবিতার অপরিমেয় শক্তিই শুধু
 শিলাখন্ড ভাসায় উজান স্রোতে

যৈবনিক সুখ

প্রচন্ড তুষার পাতে যখন নিঃশ্বাস নিতে পারছিলাম না
অসাড় আঙ্গুল দিয়ে তোমার হৃদয় স্পর্শ করলাম;
সেটা তখনও জ্বলছিল ঝড়ো বিক্ষুদ্ধ সমুদ্দুরের
ভীতিপ্রদ বাতিঘরগুলোর মতোন

হিমাংকের আরো নীচে তাপমাত্রা নেমে গেলে
তুমি ভেঙ্গে গুঁড়ো হতে হতে
আমার সমস্ত অন্তরাত্মা ব্যোপে ছড়িয়ে পড়লে

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

সুবাসিত মৃত্যু

অক্ষম বৃদ্ধেরা অতঃপর চায়ের দোকানে
অলস আড্ডায় মেতে ওঠে এবং নিশ্চিতভাবেই
তাঁদের আলোচনায় উঠে আসে বিবস্ত্র যৌণতা
কাঠ-কয়লার গণগণে লালাভ আভার দিকে চোখ রেখে
আফ্রোদিসিয়াক,ভায়াগ্রা ও মৃগনাভী কস্তুরীর
ব্যবহার বিষয়ক সরস বিতর্ক

প্রদীপ্ত সূর্য্যের মতো ওঁদের যৌবন কেটে গেছে
কুচকানো চামড়ার ভাঁজে ভাঁজে বিঁধে আছে
অতীতের স্পর্ধিত পদচিহ্নের ছাপচিত্রের সময়ের চোরকাটা
নিরন্তর কাল খুবলে নিয়েছে শরীরের যৈবনিক আস্তরণ

ভবিষ্যতের উজান স্রোত ঠেলে ভেসে আসে মৃত্যুর সুবাস

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

বরই গাছ

ডানকানা মাছেদের আবাস পেরিয়ে গেলে সজনে,সুপুরি,জাম,বাঁকানো জামরুলের প্রাকৃতিক ছায়াঘেরা বাড়ি তোমার;বাইরে বুনো তিৎপল্লার হলদে,পলতে মাদারের লাল ফুলে ফুলে ছাওয়া টোপাদানার দাম ভর্তি ব্যবহৃত পুকুরের শিয়রে দাঁড়ানো
একটি বড়ই গাছ ক্রমেই বাড়ছে আকাশের দিকে
আর আমিও অশীতিপর বৃদ্ধে পরিণত হচ্ছি।

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

অন্ধকার ঘুম

গভীর অন্ধকারের ঘুম থেকে জেগে ওঠে যাপিত জীবন
মৃত্যু-দিনের ফ্যাকাসে রঙা রোদের ভেতর
অনিশ্চয়তার মধ্যে
অন্তহীন শোকের মিছিল থেকে
ভেসে আসে কর্পূরের ঘ্রাণ

দিন যাপনের গ্লানি ক্রমশঃ বাড়ছে
অক্ষম বৃদ্ধের চোখে ভাসে
বাতিঘরের বিপজ্জনক স্বপ্ন
ভীতিকর আলো তাদের ঠেলে দিচ্ছে
সময়ের বৃত্তের বাইরে

এই শরীরেই সুপ্ত আছে মৃত্যুর হিমশীতল বীজ