Powered By Blogger

রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

মৃত্যুগীত

বোধবুদ্ধিহীন প্রখর রৌদ্রের নীচে দাঁড়িয়ে থাকবে - ক্রমাগত রৌদ্রের ছায়ায় মিশে থাকতে থাকতে আমিও বুঝেছি আলোছায়াময় পথ;যা ছিল মূলতঃ মেঘে ঢাকা,আণব ধোঁয়ায় পূর্ণ,কাঁটাতার এবং চোরাগর্ত - উন্মার্গের গোধূলি অথবা অপ্রাকৃত ধূলোর স্বরুপে ঢেকে যাবে? উত্থান ও পতনের সংকেতধ্বনি নক্ষত্রহীন জনপথে প্রতিভাত তবু প্রতিটি নিঃশ্বাসে দেখ যুথবদ্ধ ইউক্যালিপটাসের বন সপ্তর্ষিমন্ডল ঘিরে রাখে। পাথুরে আহ্লাদে অসংখ্য করবীফুল ঝরে পড়ে - উদ্ভিদপ্রাণ,লোকায়তিক শ্লোক - অর্থহীন,অর্থহীন মনে হয় চরণাশ্রিত সঙ্গীত - বিভেদের মর্মজ্বালা - বিশুদ্ধ বীজের থেকে বিরুদ্ধগামী বৃক্ষের ছালে সনাতনী কাঠের ধর্ম,শবাচ্ছাদান। হিত ও অহিতে টলে ওঠে পরাশ্রিত ধর্ম আর ঐ দিকে যজ্ঞোপবীত ছিঁড়ে সম-সাময়িক অন্ধত্ব ও ভুল সমাজ বিজ্ঞানে তত্ত্ব এবং অপভাষার কূট-কাচালি । এখন কেবল ধ্বংসচূড়া থেকে ভেসে আসে ঝলসানো মৃত্যুগীত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন