Powered By Blogger

শুক্রবার, ২৯ জুন, ২০১২

ভবিতব্য

নীলনদের বন্যার সাথে স্বর্গীয় নক্ষত্র সোথিসের
কি সম্পর্ক মিশরীয় পুরোহিতেরা তা জানতেন
মানুষের কপালে কি লেখা আসিরীয়দের সাথে তা দেখেছিলাম
মহাকাশের নক্ষত্রমন্ডলীর মাঝে আর তারও অনেক আগে
গুহাবাসের সময় থেকে চাঁদের কলার হ্রাস-বৃদ্ধির মতোন
স্পষ্ট ঘটনা এড়িয়ে যাই নি,---
অথচ এখন আমি কোনো তারাই চিনি না

এই শহরের 'পরে কোন আকাশই নেই
কংক্রিটের ছাদে মাথা কুটে মরে সকালের রোদ
কোনো কোনো মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে
দয়িতার গাঢ় আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে
ঘুমন্ত শিশুপুত্রের মুখে চুমু দেই

এটাই আমার ভবিতব্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন