Powered By Blogger

বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫

চিত্রার্পিত রেখা ও রঙ

শিশিরের শব্দে রাতের উন্মাদগান, মেঘ জর্জর রক্তের স্রোত,চারপাশের বিরানভূমি এবং আঙুরলতার তুলনারহিত জনপদে সভ্যতা এখনও পায়ে পায়ে হাঁটছে - যা কিছু সত্য;স্ফটিক,চুম্বন,বাঁদরনাচ ও সারিবদ্ধ নৌকাগুলোকে বাতিল করে এগিয়ে চলছে সার্কাসের সিংহ - মৃত্যু আর বিনাশের কালে সমুদ্রের লবণজলে যখন চাঁদ ওঠে - সহমরণের চিতা শুকনো বাঁশপাতায় ভরে ওঠে আর অই দিকে নবনির্মিত আশ্রমে বৌদ্ধ ভিক্ষুদের প্রশ্ন ছিলঃ সাংসারিক জ্যোৎস্নায় গৌতম কেন ঘর ছেড়েছিল? গৌড় থেকে বাংলা - আমিও প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলামঃ ধ্বংস ও সূর্যোদয়ে কেন এতো চিত্রার্পিত রেখা ও রঙের সংমিশ্রণ?উচ্ছ্বিষ্টাবৃত কবরে অর্ধসত্য ঘুম - কোন নিয়তি গভীর খাদে এনে ফেলেছে - খনিজ ধাতু বা ক্রিয়াশীল অনুঘটকে যা কিছু জারিত - হিংসার অবলীঢ় তাপে গলে গেছে হৃদযন্ত্র - প্রতিফলনের নিয়মে উদ্বাস্তু গৃহ রৌদ্রে পুড়ছে - দেয়ালে প্রতিপন্ন কবিতা ও এর অন্ত্যমিল - নদীর ওপারে কারা ছিল - এপারের বাসিন্দারা জলকলহের নীচে চাপা পরে আছে - সাঁকোহীন নদী,- ভাঙা পারের বিলাপ শুনি - করপুট ভরে জল নিই - জলের শীতলতায় হাড় কাঁপে - দূরে,জীবাশ্মের অন্ধকারে আগুনের শিখা - না-কি চিতা জ্বলে - সভ্যতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন