Powered By Blogger

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০১০

শিরোনামহীন

চৈতালী খরায় পোড়ে মাঠ,কাঁদে শিশু অনাহারে
একটানা ডেকে যায় পেঁচা, গাছের শুকনো ডালে
ডেকে যায় কাক;ক্ষুধা ও তৃষ্ণার তীব্র যাতনায়
জর্জরিত স্ফীত উদরের আত্মজার কংকাল
কাধে স্তনহীনা নারী ফুটপাথেই এলিয়ে পড়ে
পথচারীরা ভূলুন্ঠিতাকে এড়িয়ে এগিয়ে চলে
নিষ্প্রাণ মাতাকে শিশু ধরে জাপটে,নির্ভাবনায়।

সময়ের চোরাস্রোত এসে খেয়ে গ্যাছে জমি,ভিটে
হালের বলদ,-আশা,যৌবন-লাবণ্য,প্রেম-স্বপ্ন--
দিয়ে গ্যাছে দরিদ্রতা,ক্ষুধা আর গ্লানির জীবন,
হতাশার  দীর্ঘশ্বাস :দগ্ধীভূত শিল্প-সমকাল
লীন হয়ে যায় মহাকালে,পড়ে থাকে অবশিষ্টে-
ধূলায় লুটায় শিশু,ভূলুন্ঠিতা শেষ ঘুমে মগ্ন
পত্রিকায় মৃত্যুর খবর আসে 'শিরোনামহীন।'


২৩.১১.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন