Powered By Blogger

বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

অন্যরকম চতুর্দশপদী

মৃত্যুও জন্মের মতোনই আনন্দময়, বোঝেনা--
মানুষ অবুঝ তাই ছুটে ছুটে যায় ক্লান্তিহীন
জীবনের দিকে;গতি,শক্তিহীনতাই মৃত্যু,স্থিরঃ
স্থিরতার কি ক্ষমতা বহমান জীবন থামিয়ে
দ্যায়,বাস্তব তাড়না কি মেটায় অজানা,অচেনা
স্বর্গ?নরকের লেলিহান আগুনে সমস্ত দিন
জ্বলেও কি ছারখার হয় সীমাহীন পাপাচার?

মূঢ় পশুর মতোন তাকিয়ে দেখেছি :সভ্যতার
গর্ভে ধাবমান নান্দনিক প্রেম জীবন উল্লাস
ভেসে যায় ঘুর্ণিঝড়ে,প্রেমহীন যৌনাচারে লিপ্ত
মত্ত দাম্পত্য যুগল!শতাব্দীর জঞ্জাল এড়িয়ে
চলে স্রোত,সময়ের। পাষাণ অমানবিকতার
লীন হয় ইতিহাসে,প্রিয় মানবীর তপ্ত শ্বাস
বুকে নিয়ে মানব নূতন মন্ত্রে আজ উজ্জীবিত।

২৪.১১.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন