বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
কবিতার সারসত্য
সূর্যমুখী দিনগুলো দাউ দাউ জ্বলে যাচ্ছে - ঐ পারে দিনের শেষে সচন্দন আলো - আমরা ভাবছিলাম পূর্বাপর প্রেম,অতীত আসক্তি এবং ঘর্মস্নান - যতদিন পাশে থাকা গিয়েছিল;ছিলাম - কেবল একটাই ঘর,একটাই বিছানা - জানালা ছিল না - বারান্দা,বারান্দার কোণ ঘেঁষে খ্রীষ্টগাছ - সমূহ আশায় কী নিবিড় পরিচর্যা - শুকনো ডাল ও মরা পাতা - শেকড়ের ক্ষতে দূর্বেধ্য লিখন লিপি - শিখে নিয়েছিলাম শেকড় ও মূলের পরিভাষা - সামনের সভ্যতা পর্য্যন্ত প্রতিটি পথ ও বাঁকে তোমার নিঃশ্বাস - তাতে অরক্ষিত প্রেমের আবেশ,শরীরের তাপ,যৌনজ্বর - কতদিন চলে গেছে - সেই ঘর আজ লোকসঙ্গহারা - খুলে পড়েছে কড়িবরগা,দরোজার কাঠ - লোনাধরা ইটের দেয়ালে আগাছার স্তুপ - পরস্পর দোষারোপ করতে করতে সন্ধ্যা,রাত,সকাল,সন্ধ্যা ও তারপর রাত - সকাল ক্রমশঃ...... - ।যতদিন শরীরের আবেদন ছিল - তুলে নিয়েছ সমস্ত শস্যকণা,প্রাচীনতা,ভুল এবং মিথ্যা - কবির মুখের থেকে যত দীর্ঘশ্বাস বেরিয়েছি - তা সব কবিতা - রমণী,তুমি বোঝ নি কবিতা - তার সারসত্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন