Powered By Blogger

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

জ্বলন্ত চোখ

চারিদিকে অশান্তির লেলিহান অগ্নিশিখা
প্রশান্তিহীন রাত কেটে সকালগুলো আসে---
হতাশার কাফন মুড়িয়ে;তপ্ত আগুনরাঙা দুপুরেও
বুকে জমাট হিমবাহ কঠিন থেকে কঠিনতর হয়
অবসন্ন বিকেলগুলো রাজপথ ভরে ওঠে নিরন্ন,বেকার আর
ন্যুব্জ কাধের কোণঠাসা মানুষের মিছিলে মুষ্ঠিবদ্ধ হাত
অনিচ্ছুক ওঠে আকাশপানে

একহাতে টর্চ,আরেকহাতে কোচ নিয়ে মাছশিকারীর চতুরতায়
এনজিও হন্য হয়ে খুঁজে ফেরে হতদরিদ্র---চক্রঋণের ফাদে ফেলার
দারিদ্র জরীপ করে গবেষক,ডক্টরেট ডিগ্রীধারী
ভরে ফেলে ব্যাংকের সুরক্ষিত ভল্ট বিলিয়ন ডলারে
হালের বলদ,ভিটে-মাটি উচ্ছেদ হয়ে কৃষক পরিণত হয় ভূমিহীনে---

অসম বাণ্যিজের ভারে নুয়ে পড়া অর্থনীতি আবদ্ধ হয়
শর্তযুক্ত বৈদেশিক ঋণের জালে,দাতাদের প্রেসক্রিপসনে রাষ্ট্রীয় সম্পদের
মালিকানা চলে যায় ঋণখেলাপির হাতে,সাম্রাজ্যবাদী জাহাজভর্তি
খাদ্য নয়,ত্রাণ আসে কনডম,জন্ম-নিয়ন্ত্রণ বড়ি,তাঁবু,স্কার্ট...

ক্ষুধা-তৃষ্ণায় কাতর হাড্ডিসার মানুষের চোখ ধ্বকধ্বক জ্বলে

২৫.১২.১০
পল্লবী,ঢাকা।
http://www.bangladeshnews24x7.com/literatare/poetry/3430-2010-12-31-13-52-29.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন