Powered By Blogger

শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০১০

বিপ্লবের মন্ত্র

রবিউল মানিক

রৌদ্রে পোড়ে ফসলী মাঠ,অনাবৃষ্টিতে ছেয়ে আছে দেশ
শুকনো ডালে আর্তনাদে একটানা ডেকে যায় কাক
অভিমানে অজানায় পাড়ি দিয়েছে মেঘ
বৃক্ষনিধন বন্ধ না হলে তারা আর ফিরবে না
মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হওয়া অবধি গোলাপ
আর সুবাস ছড়াবে না

নিরন্তর ছন্দে বয়ে যাওয়া নদী বলে:
কেন এই শিশুশ্রম,কোথায় শিশুর মৌলাধিকার
দোয়েলেরা অহরহ চিৎকার করে ঘরে ঘরে জানিয়ে দিচ্ছে:
উপড়ে ফেলো অমানবিকতার নিগূঢ় শেকড়
পূর্ণচাঁদ বুকের গভীরে ঢুকে দেখে নেয়
কতটুকু কালিমা ধরে রাখে,মানুষ

থোকা থোকা আগুনরাঙা কৃষ্ণচূড়া নিরন্ন,অনাহারী মানুষকে ডেকে বলে:
বিপ্লবের মন্ত্রে উজ্জ্বীবিত হও,মানব।

২৭.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন