Powered By Blogger

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০১০

নিয়তিবাদী

চৈতী খররোদে পোড়া মাঠে উদাস তাকিয়ে থাকা কৃষকের অক্ষম আক্রোশ আর
সর্বগ্রাসী ক্ষুধা অগ্নশিখার মতোন জ্বলে ওঠা বুকে--কৃষক আজন্ম স্নেহে তবু ছুটে
যায় খরতাপে ফাটা বন্ধ্যা কিংবা বানভাসী জমিতে-- কেননা শুধু কৃষকই জানে
কিভাবে কঠিন মাটিতে বীজ বুনতে হয়,আগাছা নিড়ানী দিতে হয়, কখন সার বা
পানি দিতে হয়।মাটি বড় জেদী,অভিমানী সুন্দরী বধূর মতোন।সময় মতোন সার
বা পানি না পেলে অভিমানে গুমড়ে কাঁদে। কাল পরিক্রমায় আবার আসে খরা,বন্যা,
গোর্কি,সিডর।পরিশ্রমী কৃষক হয়ে যায় অদৃষ্ট,নিয়তিবাদী।

লোনা সমুদ্রের বুকে মোষের দুধের সরের মতোন টলটলে চর জাগে--
কিশোরী য্যামোন দিনে দিনে লাউডগার মতোন বেড়ে ওঠে।চরের পরিধিও
তেমনই বাড়তে থাকে। পলিমাটিতে চর কঠিন হয়--নূতন জাগা চর অবহেলে
পড়ে থাকে--দিনের পর দিন(ততদিনে ভূমিখেকো দস্যু দখল পাকাপোক্ত করতে
প্রতীক সম্বলিত পতাকা পুঁতে রেখে গিয়েছে)।পরিযায়ী পাখিদের কল্যাণে ক্রমে
দু'এক গাছি ঘাস থেকে গোটা চর ঘাসে ছেয়ে যায়--সবুজ ঘাসের বন।

নূতন জাগা চরে দখলবাজ জোতদার অনুগত প্রকৃতির মতোনই উদ্যাম,দুঃসাহসী,
নিঃস্ব, গরীব চাষীরাই গাছপালা,ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রহীন চরে ভাগ্যবিধাতা কেন্দ্রিক
সমাজ ও জনপদের শেকড় ছড়িয়ে দ্যায়।

০২.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন