Powered By Blogger

বুধবার, ২৯ ডিসেম্বর, ২০১০

মুঠোফোন কাব্য

কবিতায় কেন এতো দীর্ঘশ্বাস, কেন এতো হতাশা
আর কেনইবা বিদ্রুপের এতো বিষবাষ্প ও ক্ষোভ
আটলান্টিকের ওপার থেকে ভেসে আসে মুঠোফোনে
মুদ্রিত কন্ঠস্বর;আমার কবিতার একমাত্র গুণমুগ্ধা পাঠিকার

জন্মান্ধ পথিক আমি
পথ খুঁজে ফিরি হাতড়ে হাতড়ে
গন্ধ শুঁকে পার্থক্য নির্ণয় করি
চন্দ্রমল্লিকা কিংবা সবুজ বনানী'র
নোনা গন্ধে বুঝি সমুদ্রের খুব কাছে এসে পড়েছি
দিনের সুচনাকারী লাল টকটকে সূর্য্য দেখিনি কখনো
মিহিন বাতাসে ভেসে আসা পাখ-পাখালির ডানার শব্দে
বুঝে নেই রাতব্যেপে অন্ধকারের সাথে যুদ্ধ করা ক্লান্ত সূর্য্য
আড়মোড়া ভাঙছে

ফোটার আগেই বিষাক্ত কীটের দংশনে জর্জরিত হচ্ছে গোলাপ
সামুদ্রিক শব্দোচ্ছ্বাসে শুনি: ধ্বংশোন্মুখ সভ্যতার বিলাপধ্বনি

মুঠোফোনে জলতরঙ্গের রিনরিনে কন্ঠস্বর আবারো বলে:
কবিতায় সুখ-শান্তির উষ্ণতা নেই কেন
কেন নেই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য্য ও স্বাচ্ছন্দ্যজীবন
দুঃসহ নৈঃসঙ্গ ও ঊষর প্রকৃতি কেন বারবার ঘুরেফিরে আসে
কবিতার স্তবকে স্তবকে কেন থাকে না
অভিনব নান্দনিক বাচনভঙ্গি,রুপক আর চিত্রকল্পমুখর
গভীর এক সমুদ্রের কল্লোল

ধীর,গাঢ়স্বরে বলি:
আধুনিক মানুষ ও তার সৃজনশীলতার সংগ্রামই আমার কবিতায় উপজীব্য
সত্য ও সুন্দরের সংগ্রাম নান্দনিক প্রেমের চে' আমার কাছে আকর্ষণীয়
শিশিরপ্রতিম সজীবতায় উত্তর ভেসে আসে:
ভালো থাকবেন,কবি।শুভ কামনা অবিরাম।

২৯.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন