Powered By Blogger

রবিবার, ৯ জানুয়ারি, ২০১১

ফুলহত্যার মহোৎসব

রবিউল মানিক


সকালের শাহবাগের পাইকারী ফুলের বাজার
আমাকে মনে করিয়ে দেয়
'৭১ এর রায়ের বাজার,মিরপুর বধ্যভূমির
সারি সারি সাজানো বিভৎস লাশের কথা
রজনীগন্ধা গাঁদা চন্দ্রমল্লিকা হাস্নাহেনা কিম্বা থরে থরে সাজানো
গোলাপের ফ্যাকাশে চাহনিতে পাক জল্লাদের গণহত্যার
সাথে নির্বিচার ফুলহত্যার মহোৎসবের সাদৃশ্যতা খুঁজে পাই

ফুল থাকবে গাছে
ফুলের ভারে ডাল নুয়ে পড়বে সেজদার ভঙ্গিতে

আমি সহ্য করতে পারি না
সু-সজ্জিত ফুলের দোকানগুলো
স্তবকে স্তবকে নান্দনিকভাবে সাজানো ফুলগুলো দেখে মনে হয়
কসাইয়ের দোকানে ছাল-চামড়াহীন ঝুলন্ত
গরু-খাশীর লাশ নয়
নিষ্পাপ দেবশিশু'র লাশ ঝুলছে

আমি চাই
এই মুহূর্ত থেকে
সমস্ত ফুলগাছ সংরক্ষিত ঘোষণা করা হোক
কঠোর শাস্তির বিধান রেখে ঘোষণা করা হোক ফুলছেঁড়া'র বিরুদ্ধে
প্রণয়াসাক্ত কোন যুবক তার প্রণয়ীকে ফুল নয়
শব্দ দিয়ে মালা গেঁথে প্রণয় নিবেদন করুক
আঙুল কেটে রক্ত ঝরিয়ে শহীদ মিনার স্মৃতিস্তম্ভের
পাদদেশ রাঙিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো
যারা আরো বেশী সাহসী তারা বুকের রক্ত ঢেলে দেবে

ভীরু কাপুরুষেরা দরোজা বন্ধ করে ঘরে থাক

০৯.০১.১১
পল্লবী,ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন