ঘুণ পোকা খেয়ে গেছে বুকের পাঁজর
এই বুকের উপান্তে একদিন আমার প্রাক্তন প্রেমিকারা
নাক্ষত্রিক শব্দে নেঁচেছিল;কবোষ্ণ আদরে
ভরে দিয়েছিল নৈঃসঙ্গের একাকীত্ব
বসন্ত দিনের গানে শিরায় শিরায় জ্বলে উঠেছিল
খান্ডবদাহের অনঙ্গ আগুন!
অবসিত রাতগুলো ভেসে গেছিল টালমাটাল ঢেউয়ের সাথে
নৌকার গলুই ভেঙ্গে উঠে এসেছিল অবগুন্ঠিত সকাল
শৈবালিত পথ ঠেলে প্রার্থনার কাঙ্খিত মুহূর্তে
বিশীর্ণ আঙ্গুলগুলো কেঁপে যেত অজস্র বাতাসে
আধো ঘুম,আধো জাগরণের শীতার্ত রাতে
পাঁজরের মড়মড় শব্দে জেগে দেখিঃ
ঘুণ পোকারা তাদের বসতির সীমানা ছাড়িয়ে
ঢুকে পড়ে আরো গভীরতর প্রদেশে
মাটির অতল অন্ধকারে ফোটে থোকা থোকা ফুল
চোখের অবোধ জলে
বেদনার প্রচ্ছায়ারা খেলা করে
আমি স্তব করি সেই ঠান্ডা বেদনার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন