Powered By Blogger

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪

সাদা ফলকের অভিমান

শোকের আতসগড়া রাতগুলো চন্দ্রতাপে যখন আঙুল থেকে খুলে পড়ে,ভালোবাসা
আচ্ছন্ন বিলাপে সরে যায় আরও দক্ষিণ থেকে স্থির থেকে স্থিরতর সবুজ গুল্মেরর
আভাময় পথে নাটি তার পায়ে পায়ে হাঁটে,জলছবি নিয়ে প্রতিবিম্ব অবিচল ঋণে
বিশাল বাষ্পের মতো উঠে যায় পাহাড়ে-আকাশে।লবণাক্ত হৃদয়ের শিরা-উপশিরা
অথবা শুচিতা ধরে ফিরে গেছে গৈরিক গোধূলি।

আমি চিতার ওপর থেকে এমন মুহূর্তগুলো দুই হাতের অঙ্কুশে বিদ্ধ করে রাখি
রক্তাভ মঙ্গল মুখে,প্রাণী থেকে প্রাণীর ভেতরে,ঝলকিত মৃত্যুপথে মুদ্রার ভেতর,
পুষ্পপ্রসারণকালে দিনগুলো মানুষের দৃঢ়তটে ছত্রখান হয়ে গিয়েছিল আর
রাস্তায় দাঁড়িয়ে খোঁড়া ভিখারী জন্মান্ধ চোখে মেখেছিল অসামর্থ্য অভিমানের কুয়াশা।

করতল ভরে অভিশাপ,প্রত্যায়িত অপরাধের কতটা মাত্রা জেনে নিয়েছ,মানবী?
ঘৃণাভরে দেয়াল তুলেছ,ইস্পাতের।আগুন জ্বালিয়ে শরীরের প্রতিটি প্রত্যঙ্গ এবং
এর ভাঁজে ভাঁজে দেহের যে ক্ষয় তা আমার শেষ প্রতিশ্রুত ভালোবাসা।

শব্দের সন্ন্যাসে নীল বনপটভূমি এপিটাফহীন,
দুই এক ফোটা চন্দ্রতাপ মেখে নেয় দু'হাতে হরিশ ডোম,

মন্ত্রমুগ্ধ মৃত্যু পাশে ফেলে আমি ঘুমিয়ে থাকব,ফিরে আসার সময় হলে ডেকে নিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন