Powered By Blogger

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪

মৃত মুখের আছাড়

পরাভূত শতাব্দীর ওপর ছড়ানো হাত
চোখে বিঁধে আছে বর্ষা
ত্রয়োদর্শীর অমাবশ্যায় কেঁপে উঠছে দূরের গ্রাম,বাঁশবন
ঘুমের ভেতর স্বপ্নস্নান নিতে সমুদ্রে নেমেছ
জল নেই
জলস্তম্ভগুলো খাঁড়া হয়ে আছে আকাশের দিকে

তবে কি এ রাত্রিময় অমাবশ্যার ভেতর
কালের আহত কাল ফণা তুলে নিশ্চুপ খুবলে নেবে মাথার মগজ
আলোর বিরুদ্ধ স্রোত
বিমূঢ়তা নিয়ে বসে আছি তীরে
অলস ভাসানে ভাসে বৈঠাহীন নৌকা

'কতটুকু মুক্তি পেলে জীবনের অর্থ বদলাবে'
সেদিন বোঝে নি এই ক্রীতদাস মুক্তি,স্বাধীনতার অর্থবোধক শব্দ
সূঁচের মতোন ঢুকে পড়েছিলাম বিবিধ ফাটলের মধ্য দিয়ে
বিদ্যুৎস্পৃষ্ট তোমাকে ছুঁয়ে দেখি ঘরে শুকনো হলুদ ফুল

মরুশূণ্যতাকে ভরে দিতে গতিময় অথচ নিশ্চল
বালির উত্থানে অনাসক্ত সমকামী মানুষেরা
তীর্থে নেমেছে,মন্দিরে ঘন্টা বাজে

বহুদূরগামী স্রোতে মাধবীলতার গল্প ছিল
কিশোরীর সুগোল দু'হাতে ইট ভেঙে ভেঙে পড়ছিল দ্বিতীয় নির্মাণে

হাতুড়ি পেটার শব্দে মোহনায় মৃত মুখের আছাড়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন