Powered By Blogger

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

অসময়ের গান


যে সারল্য কবিতারা দিয়েছিল;
অশ্বধাবিত পাথুরে পথে তা আজ বিলীন
নিবেদিত কবিতাগুলো শূণ্যতা থেকে ঝরে পড়ে,___
স্বপ্ন,প্রেম,ক্ষুধা,নির্জনতা,আদিগন্ত শৈশবের স্মৃতি।

যে সব গানের কথা ভুলে গিয়েছিলাম সেগুলো  
নূতন সুরের ধ্বনি-প্রতিধ্বনিতে উত্তাল বেঁজে ওঠে।
এই যে শব্দের মসৃনতা নিয়ে কবিদের এতো মাতামাতি,___
আজ সবই ভুলেছি;
আমরা কেউ-ই কারো ডাক শুনতে পাই না।
নদীর ওপার থেকে হাটুঁজল ভেঙে ফিরে আসা,
দুপুরের তাপময় নির্জনতা মেখে শব্দহীন মুখোমুখি
কিংবা আশ্বাসে আশ্বাসে বেঁচে থাকা,___
যখন তোমার দেহ কালোমাটির মতোন
সকালের মিষ্টি রোদ গায়ে মেখেছিল।

যাবার সময়ে বলেছিলে,
'আমি আবার আসবো,ততদিন প্রতীক্ষায় থেকো।'

প্রতীক্ষায় প্রতীক্ষায় দিন ক্ষয়ে গেল।
শেফালীগুচ্ছের গন্ধ মেখে দূরচক্রবাল থেকে মন হেসে ওঠে বলে---
প্রেমিক কবির মৃত্যু নেই, কখনও।

জন্মান্ধ কবির বেদনার্ত স্থবির কন্ঠের সুরে
অসময়ে রাত্রি নেমে আসে পৃথিবীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন