Powered By Blogger

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

পরবাসী কবিতা

সূর্য্যকরোজ্জ্বল আকাশের দিকে প্রার্থনায় বিশীর্ণ আঙুলগুলো
ক্রমশঃই মাটির অন্ধকারের দিকে নেমে আসে
আমি খোলা মাঠে দাঁড়িয়ে ছিলাম শ্রাবণের অঝোর ধারার জলে
শরীরের রোমকূপ দিয়ে বৃষ্টির প্রতিটি ধারা শুষে নেব বলে
কিন্তু পৌষের হিমেল শীত আরো বেশী জেঁকে বসে আর
কাল বৈশাখীর ঝড় আমাকে উড়িয়ে নেয় দিগন্তের দিগ্বলয়ে
আমি ঝরা পাতা হয়ে ঢেকে দেই তোমার উঠোন

তোমার সমস্ত চেতনার ওপর পৃথিবী কুয়াশায় মুড়ে থাকে

আমার ভালোবাসার কথকতা লেখা ছিল স্থির জলের ওপর
অকস্মাৎ ঘূর্ণিজলে প্রবাসী নৌকার
দীর্ঘ মাস্তুলের আর্তনাদে কেঁদে ওঠে জেলেদের গ্রাম
পাঁচসালা পরিকল্পণার ট্রাক্টরে ট্রাক্টরে ছেয়ে গেল
কবিতার অকর্ষিত জমি
হাইব্রীড গদ্যের ফসলে পরিপূর্ণ যৌথ খামারগুলো;কবিতা
নিজভূমে,পরবাসী আজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন