Powered By Blogger

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

পথের মানচিত্র

আর কিছু সময় পরেই পার হয়ে যাবে গোধূলি বেলার লগ্ন
চেনা মুখগুলোও তখন
কেমন অচেনা হয়ে যাবে ঘেরাটোপের ভেতর
সন্ধিগ্ধ দুচোখে অবিশ্বাস এবং সন্দেহের ছায়ারা চকিৎ খেলা করে যায়
রৌদ্রকরোজ্জ্বল আকাশে আশ্রয় নেওয়ার কথা ছিল
অথচ আমার ঠাঁই হল পৃথিবীর অপরিমিত অন্ধকারের মধ্যে

মন,যখন আমার দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়,
'তোমার চোখের কোণে আধভাঙা রাতের টুকরোগুলো
লেগে থাকে কেন ছায়ার মতো পিছু পিছু।'

আমি আধোলীন নিরুত্তর থাকি

বছরের পর বছর চোখের শূণ্য গহ্বরে জমেছে সহমর তৃষ্ণা
একদিন আষাঢ়ের ঢলে ভেসে যাব
দূর্মর এ আকাঙ্খায়,____আমি এবং মন
বন্ধ্যা জীবনের কাছে যৌতুক চেয়েছিলাম

মৃত্যুকে পেছনে ফেলে ধ্বংসের প্রান্তরে হিরণ্ময় ভাবনাগুলো আমার
অবিরল বৃষ্টিতে রাঙিয়ে
বাড়িয়ে ধরেছিলাম আর
রাতের প্রহর শেষে
আকাশের প্রান্তে প্রান্তে
সম্ভাবনাময়ী সকাল খুঁজে নিয়েছিলাম,নিবিড়তায়

নির্জনতার যে অধিকার সংরক্ষিত ছিল
সেটা ভাগাভাগি করে নিয়েছিলাম,স্পষ্টতঃ
আধুনিক মানুষের ব্যর্থতার বোধ
যখন পথের মানচিত্রে ঠাঁই নেয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন