Powered By Blogger

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

নূতন গন্ধসাবান

চারিদিকে মূঢ় আলোর নির্মাণ আর বেলা শেষ হয় অন্ধকারে
শান্ত নদী তার সব গোপণ খবর মেলে দেয় ঢেউয়ে ঢেউয়ে,---
প্রতীকী ব্যঞ্জনা,চিত্রকল্প,রুপক,উপমা----অলৌকিক সব দৃশ্যকল্প
মেঘের ভেতর জেগে ওঠে রৌদ্রজলহীন

জারুল বনের অন্ধকারে অশ্বথগাছের ছবি আঁকি
অন্তহীন পরিশ্রমে বিগলিত শরীর;একেক দিন নুয়ে পড়ে
হে, নপুংষক ধর্মাবতার
আমার কাপড় নেই
আমাকে কার্পাস তুলো দিন
আমার সমস্ত দক্ষতায় আপনার স্ত্রী ও প্রেমিকার জন্যে বুনে দেব
অত্যাশ্চার্য মসলিন

দুধের বোতল ঘরে রেখে গৃহিণী গেছেন কাজে
ফিরে আসবার সময়ে নিশ্চয় নিয়ে আসবে কলার থোড়,কচি লাউডগা
ততক্ষনে আমার সন্তান বস্তুব্যাপকতা থেকে তুলে নেবে
তার অমিত্রাক্ষর মার্বেল
কবরের ফলকে গুলতি ছুঁড়ে জানতে চাইবে,
'মানুষ মরার পরেও কতদিন বেঁচে থাকে'

আর আমি ভুলের ভেতর বসে থেকে
মোড়কখোলা নূতন গন্ধসাবানের ঘ্রাণ নেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন