Powered By Blogger

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

উৎসব

কৃষ্ণচূড়া জ্বলেছিল---এমন অঢেল দিন গিয়েছে যখন
স্পষ্ট এক অক্ষমতা ফুটে ওঠে
ফুটন্ত ফুলের কাছে গিয়ে দ্বিধার প্রবল টানে ফিরে আসি
সকালবেলার পরিচিত পাখিগুলো সব একে একে উড়ে যায়
নিস্পৃহ ক্লান্তির মতো সারাদিন পাখিগুলোর রঙ্গীন ডানার ঝলক চোখে লেগে থাকে
কোকিলের গান মেশানো পথের বাঁকে নির্জনতা লুকোচুরি খেলে আর
আমি অটুট দাঁড়িয়ে থেকে
কিছুটা গভীর সত্য জানার আশায় শান্ত বিষাদের মধ্যে প্রশ্ন করি
শেষ যে চিঠিটা ডাকে দিয়েছিলাম;তা আদৌ পৌঁছুছে কি
আমার চোখের জলে ঘামে লোনা স্বাদ
এর অর্থ আমি উঠে এসেছি সমুদ্র থেকে
আদিপিতা, হে সমুদ্র
তুমি দেখো কেমন অবাধে সৌরবাতাসের লুঠ চলছে সৈকতে
দু'তীরের বালিতে আমার অধিকার কেড়ে নিচ্ছে সূর্য
মেঘ ও আলোর রশ্মি উৎসবে উৎসবে কেমন মিলিয়ে যাচ্ছে
আমি উপহারশূণ্য কিভাবে উৎসবে যাব
কৃষ্ণচূড়ার সতেজ ডাল
ডালে বসা পাখি
আমাকে এমন ছবি এঁকে দাও
আমি সেই উপহার নিয়ে জীবনের উৎসবে উৎসবে নেচে যাব
মৃত্যুতেও থামবে না যে উৎসব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন