Powered By Blogger

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

নিঃস্ব ভূ-মন্ডল

অন্ধকার যতটা জটিল
তারচেয়েও সাদা চালতার ফুল
এই কথা ভেবে ভেবে সারাদিন
সংহত মালতীফুল দোলে আমাদের ঝুল বারান্দায়
নামহীন গলি দিয়ে হেঁটে হেঁটে যে অন্ধ ভিখারী
তার ঝকঝকে এনামেলের বাটিতে আর্শীবাদ দিয়ে যায়
তাকে কখনো দেখিনি বেদনায় ম্রিয়মান হয়ে যেতে

সীমান্ত শহরে দেখা হয়েছিল
ম্যাগনোলিয়ার মৃদ্যুগন্ধ মিলিয়ে যাবার আগে
ফিরে গিয়েছিলে ধূলোওড়া পথে
যে সৌন্দর্য ঘিরে রেখেছিল ঋণপত্রে;
তা আজ তামাদী হয়ে গেছে অক্ষরের ক্রমে
সেই লেখাগুলো আজও পড়া যায় গোধূলি আলোয়

সমুদ্রের কাছে এসে কতবার বলেছি আমাকে মায়ের মতোন
ধারণ করো ধারণ করো
শোনে নি সমুদ্র
শুধু অতলজলে প্রচ্ছায়া ভেঙে ভেঙে ছড়িয়ে পড়েছ

আর নিঃস্ব ভূ-মন্ডল ছেয়ে আছে ফুলের আক্রোশে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন