Powered By Blogger

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

কমলা রঙা

বনের ভেতর পথ হারিয়েছ
এখনো শিশিরকণা লেগে আছে গাছের পাতায়
ঝরে যাচ্ছে নিঃস্ব পাতা ও নূতন কুঁড়ি
অরণ্যের ভেতর আঁকা বাঁকা শিঙের মাথায় ব্যভিচারী পরগাছা
কেমন জড়িয়ে আছে

দ্রুতগামী চিতা----মহিষের পিঠে দগদগে কাঁচা ক্ষত
বেয়ে রক্ত ঝরছে--ঐ দূরে হরিণের সতর্ক চাহনী
আমি এই বনে যত ঘাস,যতফুল দেখেছি---মৌমাছি
তার গুঞ্জরণশীল অমিত ডানায় মেখে নেয় শুধু

যারা আঁকরের খোঁজে জরীপের যন্ত্র এনেছিল
অগ্নি জ্বেলে ঝলসে নিয়েছে বনমোরগের মাংশ
তারা ফিরে গেছে তাদের শহরে
ইতঃস্তত পড়ে আছে খাবারের কৌটা,দড়িদড়া

নীল জলাশয়ে নবমীর চাঁদ যখন ঝলমলিয়ে ওঠে
তাদের কমলা রঙা মুখ মনে পড়ে

আমি মনে মনে ভাবি সেইসব সাপ,---
কোমর বাঁকিয়ে একা একা গর্তে ফেরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন