Powered By Blogger

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

সতর্ক লিপি

ফুলহীন দু'হাত ছুঁয়েছে ঠোঁট
বুঝে নিয়েছিলাম আহ্লাদ
বহুপরিচর্যাজাত তোমার শরীর উল্টোদিকে বৈঠা টানে
আমার নৌকায়
নদীর অব্যবহৃত জলে ভেসে যেতে দেখি পরিত্যক্ত চোলি ও কাঁচুলি

কোলে মাথা রেখে শুয়ে আছ,দৃষ্টি আকাশের দিকে
আকাশের ওই কোণে ঈশ্বর থাকেন
আমাকে কি উপহার দেবেন, ঈশ্বর
নব-আবিষ্কৃত ধাতুর আঁকর
গর্ভ উন্মাদনা
সিমেন্ট,বালি ও পাথরের চাক
কূল রক্ষাকারী ভ্রাম্যমান পরিদর্শকের পদ;যাতে
সমুহ ক্ষতির আগে টন টন শস্যে ঢেকে দিতে পারি জনপদ

ওই নদীতীরে দেখা যায় মধ্যযুগ শেষ হয়ে গেছে
বানভাসী মানুষের শীর্ণ পেটিকায় নিরন্নতার সতর্ক লিপি
জন্ম ও মৃত্যুর অন্তরালে যেই বিভাজন
তার মধ্যে কোমর বাঁকিয়ে চলে শঙ্খচুড় সাপ

দূরে সাঁপুড়ে দাঁড়িয়ে হাতে ঝাঁপি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন