Powered By Blogger

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

ঘুমপাড়ানী গান

স্খলিত প্রতিটি পদক্ষেপে সে এক রাত্রির দিক থেকে
আরেক রাত্রির দিকে এগিয়ে যাচ্ছিলো
মৃতভার আর তাকে টানছে না
বেঁচে থাকার অপার কৌতুহলে
মলিন সময়গুলো বুকে জ্বলে ওঠে
দ্যুতিময় হীরের মতোন
জাগতিক দুঃখ
প্রাত্যহিক দিন যাপনের গ্লানিগুলো
প্রতিজ্ঞাবদ্ধ শ্যাওলা হয়ে জমে থাকে
পদ্ম পুকুরের ঘাটে

জল ভারানত দু'টি চোখ যখন আলোর গুচ্ছে
পারিজাত প্রেম আর অবসিত বাসনার চিত্রপটে
মিশে একাকার হয়ে যায়
তখন অন্ধকারের মধ্য থেকে অনুপম আকাশের
দিকে ছুটে যায় বান্ধব হৃদয়

পিশাচের অট্টহাসি চাঁপা পড়ে যায়
ঘুমপাড়ানী গানের সুরে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন