Powered By Blogger

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

ক্রুসবিদ্ধ যীশু

শ্বেত সমারোহে নিজের পাশাপাশি হেঁটে চলি
পাহাড়ের ঢালে আমাদের এ শহরে
ঈশ্বরের অস্তিত্বের সামগান,তার স্বরলিপি,---
বেদনার চেয়ে মহার্ঘ্য বস্তু

আমাদের বুকের ওপর দিয়ে চলে যায় রেলগাড়ি
আমরা কী নির্বিকার!
পৌরাণিক বাইবেলের ইয়াকোবের পুত্র এবং শেখেমের মতো
যন্ত্রণায় ছটফট করি

নানান ধাতুর সংমিশ্রণে যোদ্ধা,মূল্যবান লোহিত পাথর
হারিয়ে যাওয়া কুটিরশিল্পের সাথে
ঈশ্বরের নামাংকিত জাহাজগুলো বন্দরে ভেড়ে পালবিহীন,বিভ্রান্ত

আমার দাদুকে জোর করে শোয়ানো হয়েছে ধ্বংসপ্রাপ্ত কবরখানায়
আমার পিতাকে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করেছে ঈশ্বরানুগত দাস
এবং আমাকেও আজ,কাল অথবা পরশু দূর সমুদ্রে ভাসিয়ে দেবে
রক্তাভ আদেশে

প্রাচীন সমাধিক্ষেত্রে লম্বা হয়ে শুয়ে থাকি বিবর্ণ ঘাসের মতো
আমি ঈশ্বরের ত্রোস্ত বাদ দিয়ে পড়ে নিই
নির্ভুল সমাধি প্রস্তরের ভাষা
(মৃতদের জন্যে প্রগাঢ় প্রার্থনা কিংবা বিলাপের প্রয়োজন নেই)
আমি সাঁকো অতিক্রমকারী সেই নাগরিকঃ
যে কিনা শহর রক্ষাকারী বাঁধ ভেঙে দেওয়ার বিপক্ষে;আমার শিশু
শিশুর মা এবং আমার প্রাক্তন প্রেমিকার সুরক্ষার জন্যে

শহরের মানচিত্রের আড়ালে ধর্ম ও বিশ্বাসকে ওরা পেরেকবিদ্ধ করেছে
উন্মুল জ্যোৎস্নার এই রাতে কবরের গায়ে হেলেপড়া গাছগুলো মনে হয়
ক্রুসবিদ্ধ যীশু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন