Powered By Blogger

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

করোটির সাদৃশ্যতা

অস্ফুট গানের শব্দে পরিত্যক্ত সমাধি ফলক নড়ে ওঠে
অব্যবহৃত জারুল বনে পড়ে থাকা কিছু কংকাল,করোটি
সৃষ্টি ও ধ্বংশের রক্তবীজে তাদের গোপণ সঙ্গমের সাক্ষী শ্যামাপোকা;

গ্রীষ্মতাপ গায়ে মেখে আমি এসেছি এ বনে

পেছনে পরিহাসের ধর্ম
সামনে সমান উচ্চতার গাছ
অবোধ্য উচ্চারণের ভৌগলিক নাশকতা জলে ঝড়ে দিগভ্রান্ত
এক নিমগ্ন ভালোবাসায় আমি শেখাতে এসেছি গান
ত্রিমাত্রিক জ্যামিতি ও ভূমি খনন যন্ত্রের ব্যবহার
আর মৃতদের পায়ে ঠেলে পশুবধের নূতন নীতিকথা

বিলুপ্ত ম্যামথ;ভাষা ও সৌষ্ঠব ভেঙে
কী জটিলতার সারাৎসার,----

আমি দ্রুত দেখে নেই পড়ে থাকা ঐসব কংকাল
এবং করোটির সাদৃশ্যতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন