Powered By Blogger

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

উপবাসী স্নান

পরিত্যক্ত ধাতু খনি,সেতুহীন নদী,
স্বচ্ছ জলে ডুবে আছে আধখানা কংকাল,---
নিজস্ব পরিচয়ের ব্যাপ্তী পার হয়ে এই ছিল
আজকের ব্যক্তিগত অভিজ্ঞান।

সেদিন বৃষ্টির রাতে কুমারী মেঘেরা
সারারাত নেচেছিল উঠোনে,টিনের চালে,গাছের ওপর।
তাদের পায়ের চাপে ভেঙে পড়েছিল
কীটের গুঞ্জনসহ কিছু,ডাল,তাদের সবুজ পাতা
বেদনা-আহত হাসি হেসে বলেছিল,
'খুঁজে দেখো,আমাদের ছিন্নত্বক লেগে আছে ফল ও ছায়ায়।'

শিমুল তুলোর মতো পরিণতিহীন আমাদের গন্তব্য।বাড়ির পথে
নিরপেক্ষ বাদুড়ের ডানার ঝাপটানিতে মনে পড়ে
কবন্ধ ধানের ক্ষেত,ভাঙাভিটা,ঘাটে ঘাটে শোকাকূল রমণীর উপবাসী স্নান....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন