Powered By Blogger

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

প্রেতের বিদীর্ণ কন্ঠ

শরীর ভিজছে আষাঢ়ের প্রথম বৃষ্টির জলে
আবছা নদীর বালুচরে আমাদের মিলিত শরীরে
কম্পন;দু'জোড়া রক্ত ঠোঁটের বিদ্যুৎ
সোঁদা মাটির আঘ্রাণ নিতে নিতে
স্ফটিক সময় হাতে জেনেছি রহস্য,---শরীরের,প্রকৃতির
পাথরের ভাস্বরতা,কালের আহত কালে
স্থির সমস্ত দিনের অস্থিরতা,ইতিহাস,ভাঙা স্থাপত্য ও
ঝাড়লন্ঠনের নীচে বিস্তারলেখার চির জাগরুকবোধে

দূরাগত শব্দহীনতার ভেতর পাতালগান
আমার শরীর ভরে নক্ষত্রের ছায়া নেমে আসে
নদীর জলজ ভাষা,কবরের ফেঁপে ওঠা বালিতে আমার শুভনাম
পাটল প্রবাহে হৃদয়ের মধ্যে জাগছে যে টিলা
নীরব মুহূর্তে স্তব ও সামগানের পাশাপাশি
প্রেতের বিদীর্ণ কন্ঠে ভেঙে পড়ে প্রান্তরের বটগাছ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন