Powered By Blogger

সোমবার, ২৪ জুন, ২০১৩

ছায়া

রৌদ্র প্রতিহত আলোর ভেতর স্পষ্ট উচ্চারণে উড়ে গেল পাখি
কিছু পালক খসিয়ে
কত সহজ জীবন পাখিদের
পীত হিজলের সম্পন্ন আধাঁর
মূঢ় শব্দস্তুপে বসে কাক অন্তিম নিঃশব্দে প্রতিবাদী নীরব বৈশাখে

সুদূর পতাকাবাহী ইতিহাসে প্রেম ও অবক্ষয়ের ফাঁকে
মনে আছে
শরীরে শরীর চেপে রেখেছিলাম জলের ধারে
সারা শরীরে অভ্রের কুচি,বালি
শরীরের শেষে পৌঁছে দেখেছিলাম কিভাবে
অন্তরের অতলান্তে মন মিশে থাকে

আমার নিভৃত আত্মা কেঁপে ওঠে ফণিমনসার অশুভ ফুলের নীল বিষে
প্রথম বিশ্বাসে তুলে নিয়েছিলাম;সংহত উপহার
শুভ ও অশুভে জেগে ওঠে জাল অমৃত চোখের পাশে
বাড়ির সামনে শীল কড়ুই গাছের ছায়া স্থির হয়ে আছে
পেছনের জানালায় কার ছায়া পড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন