আমার আনন্দ এবং ঘুমের ভেতর কবিতারা খেলা করে।
কাকে শোনাব?যে বিষাদের চান্দ্রগীতি পৃথিবীময় গেয়েছিলাম
মহাশূণ্যে তা মিলিয়ে গেছে----মহাবিস্ফোরণের আগেই
স্বপ্ন ভেঙে উঠে এসেছে মানুষ।এক অক্ষৌহিনী বৃষ্টিসেনা
আমার অস্তিত্বে,চেতনায় আঘাতে আঘাতে দেশান্তরী করেছিল;
চেয়ে বসেছিল ব্যাপক বাণিজ্যে বালুকণাসহ বাতাসে উড়িয়ে নিতে,---
গ্রীষ্মের বালিয়াড়িতে শিখে নেই পরাভূত অধিবিদ্যা,
আমার অতীত জ্ঞান,জ্যোতির্বিদ্যা বিষয়ক জ্ঞানাবলী
প্রচন্ড ক্ষিধের মুখে আধোশ্বেত মাছের ওপর ধাবমান।
বৃষ্টিভেজা পথে যে গুহায় চিত্র আঁকা হয়ে ছিল,----
উদ্যত বর্ষার ফাল হাতে ক্ষুধার্ত পুরুষ এবং নারী
সহজাত অভিজ্ঞানে শিখে নেয় লাঙল,দড়ি বুনন কৌশল।
আদিত্যবর্ণ রমণী সঙ্গী পুরুষটিকে জানিয়ে দিয়েছিলঃ
মানুষের পশুআত্মা একদিন স্রোতশীল ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন