Powered By Blogger

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

কবিতার ভ্রুণ

নিজস্ব উঠোনে এখন আগাছার ঘরবসতি
কতদিন আবাদ করিনি রুপোলী কোন স্বপ্ন
মুখোমুখি বসে বলিনি প্রগাঢ় প্রেমের গল্প কিংবা
দ্রুত বদলে যাওয়া জীবনের কথা ,
সুদৃশ্য এ ফ্ল্যাটে পরিপাটি দামী আসবাবে
জমাট আঁধার
যদিও রুচির ঘাটতি নেই এতোটুকু।
সবুজের খুব কাঙাল আমি !
গোধূলি আলোয় কেমন থাকে
অপরাজিতা ? এ দেখা আমার আজীবনের সাধ তাই
বিকেল না ফুরতে গিয়েছি অগোছালো বুনো ঝোপে ।
কেটেছে সময় আমাদের অনর্গল কথার অজস্রতায়
বলেছি , চৈত্রের ক্ষরায় কতটা পোড়ালে
জল আর , কত পলি জমে জমে গড়ে ওঠে চর ।
জ্যোৎস্না রাতে বেঁধেছি পয়ার, খুব ভোরে শিউলি কুড়িয়ে
ধুলো পায়ে বায়না ধরেছি গল্প বল আজ
সেইসব দিন ছিল রঙ্গিন বর্নিল।
এখন অস্তিত্ব জুড়ে পোড়া ক্ষত এই চেতনায়
অন্যের ঘরবসতি
অন্য কেউ সেই মাঠময় লুকোচুরি খেলে
যে খেলা আমি খেলেছি এতদিন !
আমার উঠোনে এখন তুমুল আগাছা
বন্ধ্যা মনে জন্মায় না আর কবিতার ভ্রুণ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন