Powered By Blogger

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

পূর্বরাগ ভালোবাসা

আউশ ধানের ক্ষেতে মুক্তডানার বকের সাবলীল ওড়াউড়ি।
বর্ষাশেষে নদীর ওপারে ঘেঁটুবন,বুঁচকাঁটা,বনমরিচের সান্দ্র সুদূরিমা---
সুগত দু'চোখে স্বতঃস্ফুর্ত আকাশের নিস্পৃহ শ্রাবণ।
এমন নৈসর্গিকতা।ষষ্ঠীর নিমগ্ন চাঁদ ডোবে সম্পন্ন বাড়ির
প্রসন্ন উঠোনে।

অসংখ্য নিবিড় লতাপাতা---তিত্তিরাজ,বন্যেবুড়ো,পিটুলিগাছের বন।
প্রাকৃতিক পানা পুকুর।উত্তভাদ্রপদ নক্ষত্রের জলে
যে মুক্তো জন্মাবে আমি তারই আশায়
সংহত ঝিনুক জড়ো করে রাখি আঁশ শ্যাওড়া ঝোপের পাশে।

পূর্বরাগে ভালোবাসার যে স্বপ্ন জন্মেছিল
আমি তার ধূলো গায়ে মেখে আছি সমূহ বিশ্বাসে।
নেবে?
শব্দহীন সূর্যালোকে পূর্ণ প্রেম---
অবিরোধী দুঃখের বিজিত সমারোহে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন