Powered By Blogger

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

ভালোবাসার জ্যোৎস্না

কতকাল ছুঁইনি তোমাকে
তবু টের পাই এখনো সন্ধ্যায় নীল দীর্ঘশ্বাস তোমাকে বিদীর্ণ করে
শিল্পের অন্ধত্ব কামনায় চাও ওতপ্রোত অন্ধকার
আকাঙ্খার অসহ আক্ষেপে মিশে আছ অবসন্ন জ্যোৎস্নার আঁচলে
আনমনা বিশীর্ণ আঙুলে আয়নায় আঁক দীর্ঘতম শোকগাঁথা
অন্য গ্রহ থেকে উড়ে আসা ধূলিকণা ঢেকে ফেলে তোমার আয়না

আর সেই আয়নার ভেতর অসাড় অভিযাত্রীদল নেমে আসে সমতলে
একদিন যারা ভালোবেসে সমুদ্রচারী হয়েছে
তারা বলেছিল,ফিরে আসবো,প্রতীক্ষা কোরো
তাদের দু'হাতে ছিল এঁটেল মাটির চাক

বিনির্মাণে বিনির্মাণে শিল্পীর নিবিষ্টতায় তারা গড়েছিল প্রতিমার মুখ
প্রেম ও সম্ভোগ শেষ হয়ে গেলে
ঠোঁটের কোণায় ঘনীভূত আশ্লেষায় বলেছিল,
প্রেম নেই কোন
চোখে তাদের শামুকের জরাজটিল সমুদ্রক্ষত

সম্পন্ন শব্দের অগোচরে
তোমার সুমন্ত দেহ তখন জড়িয়ে ধরে আমার ভালোবাসার জ্যোৎস্না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন