Powered By Blogger

বুধবার, ১২ মার্চ, ২০১৪

সমুদ্র জলে সমর্পণ

শিশ্নহীন সওদাগরী নৌকার ভৌগলিক নগরের দিকে যাত্রা শুরু হলে জলবৃত্তে
রশ্মিময় প্রতিবিম্ব,জলের ভেতর সুবাসিত মাছের শরীর অনন্ত পদান্তে কেঁপে ওঠে।
তীরে দাঁড়িয়ে আয়নাটুকু ধরে রাখি-ঐ পারে কাঠবাদাম গাছ,কোটরে কাঠবিড়ালী,
সুতোজাল ছড়িয়ে রয়েছে,ভাগ্যান্বেষী শুশুক অন্তিম হাড় খুলে ফেলে ধাতুকবিতার।
খনিজবিদ্যা শিখেছ,ভূ-গর্ভস্থ আলো-অন্ধকারের ভেতর হীরকখন্ড লাফিয়ে ওঠে
কয়লার সু-কঠিণ স্তর থেকে স্তরে ঝরে পড়ে অপার্থিব আলোকজ্জ্বল বর্ণালী দ্যুতি।
বৈচিত্রহীন একটি রঙে স্থির সমস্ত শরীর,সারসঙ্গ শ্বেত,আদূল মুখের পট,
চোখের ভেতর নুন,জল,হলুদ ও মশল্লার দ্রবে চারদিকে ম ম গন্ধ,ঘর্মস্নান,
নদী বিপর্যয়ে এই বালুচরে গান গেয়েছিলাম,পরাবাস্তবতার,শুনেছিল কেউ?
মাথার ওপর চৈত্র,পায়ের তলায় কাঁপে মাটির স্বচ্ছতা,মেঘহীন অঘোর আকাশ--
সূর্য তলোয়ার গেঁথে রাখে ত্রিখন্ড ত্রিশুল,ভাঙে বুদ্ধের জটিল নিদ্রা,ধ্যান।

সাঁকোর আড়ালে ম্লান নৌকাগুলো স্তব্ধতার মাত্রা ভেঙে কলংকের ভাগ নিতে ছুটে আসে
জল ভেঙে,ঢেউ ভেঙে,পাপ থেকে পাপের স্খালনে সমর্পিত সমুদ্র জলের দিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন