Powered By Blogger

রবিবার, ১৬ মার্চ, ২০১৪

অগ্নি ও জলের মাঝামাঝি

প্রতিপদের একেলা চাঁদ,নিঃসীম সৈকতে ভেসে আসে লোকায়ত বৃন্দগান
জড়তা নামছে মোহশরীরে;আভ্যন্তরীন রক্তপাত,বালির প্রতিফলনে
সমুদ্র রেখার নীল রঙে জলসন্ধি,কেবল গরিমাচূড়া

পরিত্যক্ত সীসা ও অভ্রের খনি,সাঁকোহীন নদী এবং মৃতকূপে ভরা পথ
হ্রদ নেই,দূরের পাহাড়ে দাবানল
পুড়ে গেছে পাথর ও গাছ
সৈকতের বাতাসে শুধুই ছাই ওড়ে

মাতৃসমা সমুদ্রের জলে কতবার ভাসতে ভাসতে
ফিরে এসেছি বালিয়াড়ির টানে
স্তব্ধতা ও কোলাহল থেকে,----
বালিয়াড়ি জানে আমি অগ্নি ও জলের মাঝামাঝি অবস্থানে
সাহায্যবটের অবিনাশী নাশকতা,গ্রীষ্মদিনের প্রান্তরে অপর্যাপ্ত জল
কৌমার্য্যহীন অক্ষরে লেখা সমস্ত কবিতা শ্রেয়বোধে লুকিয়ে রয়েছে
অতৃপ্ত আলোর উন্মোচন,---আড়ালে কিংশুক

আর অভিবাসী অসুরের দল
নুন চাটছে,সৈন্ধব লবণের চাঙড়ে তাদের দ্বি-বিধ মুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন