Powered By Blogger

সোমবার, ১৭ মার্চ, ২০১৪

স্বরচিত অন্ধকার

স্বরচিত অন্ধকারের ভেতর শব্দগুলো খুলে পড়ে
চুপচাপ মুছে যায় আমাদের প্রিয় নাম
অপলাপী ভাষার কবিতা,সন্দর্শন,---
হলুদজল সময় ছুঁয়ে যায় দিগন্তের ঘের

নিমগ্ন বালুর চরে গোধূলির ভাঙা আলো
লিখেছিলাম সন্ধ্যার শত নাম,খোলা নিঃঝুমতা
নদীর জোয়ারে ভেসে গেছে আলতো ঠোঁটের গান
গোপন রাতের স্তুপে জমে জোনাকীর মৃতদেহ
আত্ম-ইতিহাস থেকে বালির উত্থানে
আমাদের বেঁচে থাকা ক্রমশঃ দুর্লভ থেকে
 দুর্লভতর;যেখানে ভবিষ্যৎ নেই

ঠান্ডা পাথরের ঘর,নিঃশব্দ প্রহরে
বুক থেকে খুলে আসে পাঁজর,---ত্রিতালে বেজে ওঠে
গ্রহনক্ষত্রের দল;যেদিকে তাকাই
স্বরচিত অন্ধকারে বিষাদ উপুড় হয়ে শুয়ে আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন