Powered By Blogger

শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

নীল ফুলের স্পর্ধিত অহংকার

নীল ফুলের স্পর্ধিত অহংকারে কতদিন আহত হয়েছি
অসম্পূর্ণ বাগানের বিতত গোলাপ
বাগানের পথে নিবিড় অশথগাছ
সারা বিকেল নিমগ্ন রজনীগন্ধার বিমূর্ত সৌরভে
তোমার বাগানে আসন্নসম্ভব নির্জনতা,বিস্তৃত মমতা
কুঁড়ি ও সম্পন্ন ফুল;আমার শরীর ভরে ছায়া নেমে আসে
আমি শান্ত উঠে আসি বকুল ফুলের কান্না থেকে
প্রণত দু'হাত রক্তজবা ছুঁয়েছিল,---
আমি তার অভিশাপ টের পাই

সেদিন বোঝ নি ফুল ও কোরক কোন ভাষার আশ্রয়ী
কামুক আঁধার চেয়েছিলে,অন্যমন নিরুদ্ধ নিঃশ্বাস
অবজ্ঞাত বিশুষ্ক হলুদ ফুলে ভরে উঠেছিল
ফিরে দেখ নি সংহত মল্লিকার কষ্টগুলো
যখন পাপড়িগুলো আস্তে আস্তে ম্লান হয়ে আসে আর
দরিদ্র শিউলি বাগানের ধূলোয় অম্লান শুয়ে থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন