Powered By Blogger

রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪

পাঁজরের হাড়ের মশাল

চারপাশের কাজল পরিবেশ,পাথরের গায়ে জলের ঝাপট
সাঁকো পার হতে থাকা সন্ন্যাসীর নগ্ন পায়ে বেজে ওঠে পাথর,ধূসর নুড়ি
অমীমাংসিত আঙুলের খাঁজে খাঁজে যাত্রাক্ষত
কুন্ডলিত রাত গলে পড়ে ভেজা কুয়াশায়
ভিখারীর শূণ্য করতলে ভরে ওঠে ম্লান উপত্যকা

কাগজের মত সাদা মুখ
তোমার চুলের ডগা ফেটে বেরিয়ে আসছে রক্তমেঘ
গাছের পাতায় ছিল প্রাচীন পাঠমালার নিস্পৃহতা আর
আমাদের বুকের ভেতর আগুনজলের ধোঁয়া
শরীরের ফাটলে ফাটলে জাতকের বীজ

শুয়ে আছে বসুন্ধরা,--শরীরবিহীন
ছড়িয়ে দিয়েছি কথামালা---অসাড় আঙুলে
এখন শীতের শুরু---আরেক শীতার্ত রাতে
ডানায় রক্তের দাগ মেখে উড়ে গিয়েছিলে,অপারগ ভেবে

যদি অন্ধকারে পথ খুঁজে না পেলে আমার
পাঁজরের হাড়ের মশাল জ্বেলে নিও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন