Powered By Blogger

শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪

চতুর্দশপদী-৬

খরতর স্রোতে ভাসে আদম শরীর,বুকে দাহ
জালে তুলে এনেছিল মধ্যবিত্ত্বের ভাঁওতা আলো,
বুকের প্রপাত ঝরে,চিবুকে পাষাণ।খুঁড়ে খুঁড়ে
হলুদ রঙের আলো আর পাঁজরের হাড় ফুঁড়ে
বেরিয়েছিল অশ্বত্থ--তার নিবিড় ছায়ার কালো
অন্ধকার গায়ে মেখে পরমার্থ ঘাট,নদীতীর,---

জল নিতে এসেছিল কাঁখে কলস,গাঁয়ের বধূ
নামে নি গভীর জলে মনে ভয়,এখনও আছে
সহজ স্রোতের টানে নীল জলে অর্ধনগ্ন বুক
বুদবুদে ঢেকে ফেলে। বালির আড়ালে এই মুখ,
ভদ্রতার এ লৌকিক পরিক্রমা সভতার কাছে
জেনে নিতে প্রশ্ন করিঃকলংক রেখায় বিষ,মধু?

চেয়ে থাকো খোলা বুকে জীবনের সব অসাড়তা
লুকিয়ে রয়েছে।সারা শরীরে অঘ্রান,অনন্যতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন