Powered By Blogger

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪

অতর্কিত অন্ধকার

জেগে উঠেছে শরীর রুপোঝরা রাতে,শরীরের
আলপথ ভেঙে ভেঙে হাতের তালুতে শস্যদানা
শরীরে জলের ঢল,বুকে আগুন,তারই তাপে
রক্তবিষ গলে যায়---নিথর শরীর কেঁপে ওঠে
অশোক হাতের ছোঁয়া যেন আশ্রয় নদীতীরের
তোমার মুখের ছায়া,শরীরে কলংকরেখা টানা
কলুষমাখানো হাতে,ভ্রূণহত্যার গোপণ পাপে

আজ এই নদীতীর,এই কাঁশবন,বালুচর
তরূণ শষ্পের মতো আমাকে ফিরিয়ে দেয়,মুখে
আত্ম লাঞ্জনার ক্ষত,মাথার ওপরে মীন,হাতে
তুলাদন্ড,ভোররাত অবিরল ভাসে,বুক-পিঠে
লিখে রাখে অভিশাপ,ভেঙে যায় নদীর কিনার
রাতের বেলার বিষ শুষেছিল চন্দ্রতাপ,---দুঃখে
অন্ধকার নেমে আসে চরাচর জুড়ে,অতর্কিতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন