Powered By Blogger

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

লোভনীয় পৃথিবী

সমুদ্রের জলের ভেতর থেকে কতটা গোলাপী,লোভনীয় মনে হয় পৃথিবীকে
আমি জানতে পারি নি;যারা জেনেছিল সভ্যতার পাপে পুড়ে গেছে

সৎকারহীন সে ভস্ম থেকে হাড়ে হাড়ে শেকড় গজিয়ে গড়ে উঠছে নগর

মড়কের পর মারী
পেছনে পেছনে চিল
তারপর আসে অসুখী শকুন
গো-ভাগাড়ে কেটে গেল দিন

আমার স্তব্ধতা দেখে পাশ থেকে
'চর্যাপদ' উঠে গিয়েছিল
আমি নিষেধ করি নি
ভালোবাসার বদলে চেয়ে নিয়েছি আঁকর,বর্শা,শকট ও শস্যবীজ
এবং সর্বোপরি যুগপোযোগী ঘৃণা ও এক ফুসফুস ভর্তি হিংসা

আমি কি কখনো খালপারে একতারা বাজাতে পারব
বাউলের সাথে স্নান
উৎসবের বালুচরে কেউ আর ডাকে না,সবাই বলে,
'ও তো অন্য লোক,
অন্য গ্রহের বাসিন্দ।'

আমি মিশে যাব অন্তহীন শূণ্যতায়,শূণ্যতাবিহীন
কেউ-ই আমাকে মনে রাখবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন