Powered By Blogger

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪

চতুর্দশপদী-৪

নিজের হাতের দিকে ঘাস,---সবুজ,হলুদ পাতা
মাটি ফুঁড়ে,জল ভেঙে ডালপালার কোটর থেকে
শিল্পের গভীর অর্থে প্রতিবিন্দু আনন্দের জল
আজ অভিশাপ দেয়।কবিতার বিনিদ্র প্রহরে
জেগে ওঠে বালুচর,মরুভূমি,শব্দের জোয়ারে
মুহূর্তে মুহূর্তে শুধু ভেসে যাওয়া,অন্তিম ঢল,
জলস্রোতে ছায়া,অগ্নি থেকে জল সেঁচে,বালি ছেঁকে
তুলে দু'একটি শব্দ ভরে নেই কবিতার খাতা।

আজ যে কোন আঙুলে পরিত্রাণ,চোখে পড়েছিল
দিন যাপণের রক্ত?গোপণ আদরে শরীরের
পরস্পর ভিন্নতায়--জেগে ওঠে নীল গলা,বুক।
একরোখা ধমনীর নীল স্বৈরাচারে জ্বলে মুখ,
শস্ত্রময় ঘাতকের শিল্পে আর মল্ল আষাঢ়ের
ঢলে নিজেকে ভেঙেছি---ঘাস,পাতায় কবিতা ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন