Powered By Blogger

রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪

সংঘাত

শিরার ভেতরে নৌকা-নদী,সংঘাতে সংঘাতে ঠিক পথ খুঁজে নেবে

আমার যাবার পথ আমাকেই খুঁজে নিতে হবে
জল ভেঙে,পথ কেটে,কাটাঝোঁপ,পাথর এড়িয়ে

নষ্ট হবার সমস্ত গুণ বুকে ঘুমিয়ে পড়েছি
সুযোগের পাশাপাশি বিপরীত জলে
লুকিয়ে রয়েছে মাটি ছোঁয়া সুখ,সাজানো জীবন

নাড়া দিলে জেগে ওঠে তোমারই ঠোঁটের ফসিল
চোখ থেকে উড়ন্ত ভস্মের কণা মুছে ফেলে,---
দীর্ঘ চলাচল থেমে থাকে শ্মশানের মাঝামাঝি
ছিন্নভিন্ন আধপোড়া কাঠ,মাছির প্রপাত,ধূপাধার

ডানায় রক্তের দাগ,ঠোঁটে মাংসকণা---যৌনগন্ধের শরীর
স্বপ্নের ভেতর শুনি আত্মঘাতকামী চিৎকার
নখরাঘাতে বেজে ওঠে কাড়া বা নাকাড়া
বুকেপিঠে ঠোকাঠুকি---প্রতিটি অক্ষরে পদপাত
গূঢ় লৌকিকতা নিয়ে ঝুঁকে আছে আমার শরীরে

পাহাড়ের ঢাল;যেখানে প্রদীপ নিভে গেলে
কেঁপে ওঠা অবৈধতা ঘিরেছিল
মিলিত শরীর

বাতাস ও জোয়ারের টানে ঘাটে লাগে টান
ভাঙা পাটাতনে বৈঠা শুয়ে

মল্লার ঘুমিয়ে---মনে হয় জাগবে না,কোনদিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন