Powered By Blogger

রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

মুক্তি

অনায়াস ইচ্ছের বাতাসে উড়িয়েছ পাল
নদীর ওপাশে অশথগুঁড়ির জট
পথের ফাটলগুলো ঢেকে গেল অন্য গ্রহের ধূলোয় আর
পদ্মার বালিয়াড়িতে ধীবরেরা টেনে তুলছিল জাল

অর্ধেকগড়ন প্রতিমাবলয়,পূর্ব পাথরের দিকে চেয়ে
ছুঁয়ে দিয়েছিলে চেতনার অন্ধিসন্ধি
কবোষ্ণ হাতের রেখা---জল তার চিহ্ন ধরে রাখে
জীবনের দাবী মিটে গিয়েছিল---প্রত্যেক মুহূর্তে
বিস্ফারিত হয়েছিলাম আমরা

অমিত্রাক্ষর ছন্দের জন্যে আমার ক্রমশঃ ঋণ বাড়ে


স্নেহাশীষ,দু'জনের সাজানো জীবন,স্থির,নৈসর্গিক চিত্র,
আনত মুখের ছায়া,আমার দু'চোখে নীল আলো,
হাতে মাটির সানকী

ছায়াপ্রশাখার জটিলতা ঘিরে নেবে আমাদের ঘর-বারান্দা-উঠোন
দীঘিভরা অবসাদ,ভেতরে কী তপ্ত জল
সদাচারী মাতামহ---গোবর নিকানো পূজোঘর
গ্রামান্তরে যাবার বেলায় নীচু হয়ে বলি:

এমন অরব ভালোবাসা থেকে মুক্তি চাইনি কখনো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন