Powered By Blogger

বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪

পরাভূত দৃষ্টি ও শ্রুতির আলোড়নে

নীল অন্ধকারে এসেছ খালের ধারে
নীচে কালস্রোত,উপরে তারামন্ডল
জন্মের ওপার থেকে অতীত,স্বজন,আত্মপরিচয়---
চারদিক আলো করে আসে ভাসানের গান

আমি রক্ত দেখেছি সূর্য্যাস্তে
পাথর সময় পথ আঁকড়ে নিহিত বোধ জুড়ে ছিল
ফেরার সময়ে আমি কাউকে দেখি নি
আশাতীত নিপূণতা নিয়ে সুড়ঙ্গ খুঁড়েছিলাম
সহজেই তোমার পাবার জন্যে

আপ্রাণ বাঁচার ইচ্ছে নিয়ে
সাঁতরাতে সাঁতরাতে খাল পার হয়ে দেখি
ঘাটের পৈঠাতে আর্য যুবক আমাকে প্রশ্ন করেছিলঃ
'সব রক্ত আর জল কি সাগরে মেশে'

ভালোবেসে আমার শরীর সাড়হীন,আমি আজ অন্ধ ও বধির
অসাড় এ শরীরের ভার কোথায় রাখবো,এই ঘাটের পৈঠাতে

পরাভূত দৃষ্টি ও শ্রুতির আলোড়নে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন