Powered By Blogger

বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪

দুপুরের নোংরা উঠোন

এই পথে কুকুরের চলাচল,রক্তমুখো ছুঁচো আর শ্বাপদের

হিংসার আবর্তে স্রোত,নির্দিষ্ট রঙের স্থির প্রতিচ্ছবি,ধূপছায়া
শীর্ণ হাত শূণ্যে উঠে যেতে চায়;যেখানে মাকড়সার নিরুদ্বিগ্ন জাল

কবি ও গায়ক যারা প্রবাসে ভিক্ষুক হয়ে ঘোরে
আমি তাদের দেখেছি
প্রদীপের গোপণ সংকেতে ঘরে ফিরে যেতে

চক্ষুষ্মান পুরুষের মতো দু'হাত বাড়িয়ে আছি,পথে
সকলের চেনা এই বিরান প্রান্তরে গান ছিল দৃশ্যজগতের,পরাবাস্তবের
পৃথিবীকে বালিশ বানিয়ে শুয়ে আছি,টিকেটঘরের অন্ধকারে
নৌকা নেই শূণ্য ঘাট

বাড়ি ফিরে দেখি আলপনাহীন
দুপুরের নোংরা উঠোনে হলুদ পাতা পড়ে আছে
ঘরের ভেতর জ্বরে পুড়ছে মানবী
আমার ক্ষিধের অন্ন,গামছা,সর্ষের তেল কোথাও পাই না
সারারাত জেনেছি,নিয়তি---ফিরে আসবার

লোকে ভুল করে পথে নামে
আমিও চৈত্রের দুপুরের পথে অগনন মানুষের ভীড় থেকে পালিয়ে এসেছি
স্বপ্ন বিপর্যয়ে,পত্রস্নানে শুধু আমার হিরের আঙটি জ্বলজ্বল করে
মরুভূমিবোধে,তৃষ্ণায় উতঙ্ক মেঘ নেমে আসে
অমৃতের জল ঢেলেছি পায়ের ফাঁকে
দূরে,দাঁড়িয়ে দেখেছে ইন্দ্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন